রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকালে মানিকনগর এলাকার এ ঘটনায় আরেক জন আহত হয়েছেন। নিহত ইফতিখার ইফতি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আহত অনন্ত বড়ুয়া নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইফতি ও অনন্তর বাসা বাসাবো ও কদমতলায়। অপর দিকে গতকাল মতিঝিলে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে চার জন।
নিহত ইফতিখারের স্বজনদের বরাত ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ইফতি ও অনন্ত মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে মানিকনগর এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলটিকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে ইফতি মারা যায়। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।
একই দিন সকালে মতিঝিলে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে চার জন। নিহত শিশুটির নাম নুসাইবা আক্তার (১০)। তার ভাই জাকির হোসেন, জাকিরের স্ত্রী শিউলী আক্তার, নানি রওশন আরা এবং অটোরিকশা চালককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি এবং চালককে আটক করেছে।