শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি ভারতীয় অর্থায়নে প্রায় ২০ কোটি  টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের আধুনিক গেস্টহাউজ, ক্যাফেটেরিয়া, লাইব্রেরিসহ সম্প্রসারিত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিক্রম কুমার দোরাইস্বামী ও তার সফরসঙ্গীরা কুঠিবাড়িতে আসেন। দুপুর ১টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে বকুলতলার ঘাটসহ কুঠিবাড়ির বিভিন্ন আঙিনা ঘুরে ঘুরে দেখেন। এছাড়া তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

কুঠিবাড়িতে মধ্যাহ্ন ভোজ শেষে ভারতীয় হাইকমিশনার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়িতে যান। লালন শিল্পীদের পরিবেশিত কয়েকটি গানও শোনেন তিনি। লালন আখড়া পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তার সফরসঙ্গী ছিলেন মিসেস দোরাইস্বামী, রাজশাহী ও খুলনার সহকারী হাইকমিশনার যথাক্রমে সঞ্জীব কুমার, রাজেশ কুমার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া। 

এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ভারতীয় হাইকমিশনারকে অভ্যর্থনা জানান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।