ম্যাক্রোঁ ফ্রান্সের জন্য বোঝা এরদোয়ান

 ‘ম্যাক্রোঁ ও ফ্রান্স খুবই বিপজ্জনক সময় পার করছে। ফরাসিদের

উচিত তাকে

পরিত্যাগ করা’

 বিবিসি

আবারও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। শুক্রবার তিনি বলেন, ম্যাক্রোঁ ফ্রান্সের জন্য বোঝা। ফরাসিদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা।

ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, ম্যাক্রোঁ ও ফ্রান্স খুবই বিপজ্জনক সময় পার করছে। আমি আশা করছি, যত দ্রুত সম্ভব ফ্রান্স ম্যাক্রোঁর হাত থেকে মুক্তি পাবে। এরদোয়ান আরো বলেন, ফরাসিদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা। তা না হলে তারা ইয়েলো ভেস্ট থেকে মুক্তি পাবে না। ২০১৮ সালে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়। এরদোয়ান সেই আন্দোলনের কথাই ইঙ্গিত করেছেন। বিস্তারিত কিছু উল্লেখ না করে তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ইয়েলো ভেস্ট আন্দোলন রেড ভেস্ট আন্দোলনে পরিণত হতে পারে।

মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে এক ইসলামপন্থি উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ঐ ঘটনার পর ইসলামি বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছিলেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক চিকিত্সা দরকার।

তুরস্ক ও ফ্রান্স উভয়েই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে দেশ দুটির মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান রয়েছে।