স্পোর্টস ডেস্ক
দিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশেষে স্টেডিয়ামের নাম বদলানোর অনুমতি পেয়েছে ন্যাপোলি। ফলে দলটির মাঠ সান পাওলো এখন বদলে গেছে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম নামে।
আলোচনা চলছিল গত দশ দিন আগে ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই। তারও অনেক বছর আগে থেকে ন্যাপোলি সভাপতি চাচ্ছিলেন স্টেডিয়ামের নাম বদলাতে। তবে স্টেডিয়ামটি নগর কর্তৃপক্ষের অধীনে থাকায় সায় মিলছিল না তাতে।
এবার ন্যাপোলির ভাগ্য খুলেছে মেয়রের সুপারিশে। অনুমতি মিলেছে নগর কর্তৃপক্ষের। প্রতিক্রিয়ায় ক্লাবটির সভাপতি দি লরেন্তিস বলেন, ‘এ নিয়ে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। ঐতিহ্য ধরে রাখতে সেক্ষেত্রে দুই নামেই ডাকতাম আমরা। তবে নতুন স্টেডিয়াম বানালেও এই নামেই বানাব আমরা।’
ম্যারাডোনার কল্যাণে দলটি জিতেছিল দুটি সিরিআ ও একটি উয়েফা কাপ শিরোপা। এরপর আর শিরোপা জেতা হয়নি দলটির। কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত আর্জেন্টাইন কিংবদন্তি। ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে ন্যাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। সাত বছরে দলটির হয়ে করেন ১১৫ গোল।