অপ্রতিরোধ্য জেরার্ডের রেঞ্জার্স

লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের অধীনে স্কটিশ দল গ্লাসগো রেঞ্জার্স রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ শেষে এখনো অপরাজিত আছে দলটি। লিগে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট; প্রতিপক্ষ জালে গোল জড়িয়েছে ৪১ বার, হজম করেছে মাত্র তিনটি গোল। ১৫ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচেই রেখেছে ক্লিনশিট। চিরপ্রতিদ্বন্দ্বী সেল্টিক থেকে ১১ পয়েন্টে এগিয়ে থাকা রেঞ্জার্সরা এখন লিগ শিরোপার স্বপ্ন দেখছে দীর্ঘ ১০ বছর পর। শুধু ঘরোয়া লিগেই না, জেরার্ডের শিষ্যরা নাম কুড়াচ্ছে ইউরোপীয় ফুটবলেও। একসময় ইউরোপাতে কোয়ালিফাই করতেই হিমশিম খেতে হতো যেই দলের, সেই দল টানা দ্বিতীয়বারের মতো নিশ্চিত করেছে ইউরোপার নকআউট পর্ব।