ইনিংস হারের দুয়ারে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের ৫১৯ রানের প্রথম ইনিংসের জবাবটা উইন্ডিজরা মোটেও ভালোভাবে দিতে পারেনি। প্রথম ইনিংসে টিম সাউদির তোপে ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও খুইয়ে ফেলেছে ছয় উইকেট, স্কোরবোর্ডে জমা পড়েছে মাত্র ১৯৬ রান। শেষ দুই দিনে ইনিংস হার এড়াতেই প্রয়োজন আরো ১৮৫ রান!

দ্বিতীয় দিনে ২৬ ওভার খেলে অবিচ্ছিন্ন দুই উইন্ডিজ ওপেনার একই রকম প্রতিরোধের লক্ষ্য নিয়েই হয়তো দিনটা শুরু করেছিলেন। কিন্তু তা আর হলো কোথায়? দিনের প্রথম ওভারেই সাউদির শিকার হয়ে ফেরেন জন ক্যাম্পবেল। উইন্ডিজ ইনিংসে ধ্বংসের সেই শুরু। এরপর যেই সবুজ পিচে উইলিয়ামসনের সামনে কূলকিনারা করতে পারছিল না উইন্ডিজ পেসাররা, সেই একই পিচে উইকেটের বন্যা বয়ে দিল সাউদি-জ্যামিসনরা। 

দিনের প্রথম ৩৮ ওভারের মধ্যে সব উইন্ডিজ ব্যাটসম্যানকে একবার সাজঘরে পাঠায় মাত্র ১৩৮ রানেই। স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন ক্যারিবীয়দের ফলো অন করানোর সিদ্ধান্ত নেন। ফলো অনের বোঝা মাথায় নিয়ে যেন আরো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নয় ওভারের মধ্যে মাত্র ২৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় তারা। তবে দলীয় ৮৯ রানে ৬ উইকেটের পতনের পর সপ্তম উইকেটজুটিতে আলজারি জোসেপকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন জার্মেইন ব্ল্যাকউড। তাদের ১০৭ রানের অপরাজিত জুটিতে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছে উইন্ডিজরা।  

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৪৫ ওভারে ৫১৯/৭ ডিক্লে (উইলিয়ামসন ২৫১, ল্যাথাম ৮৬; গ্যাব্রিয়াল ৩/৮৯, রোচ ৩/১১৪)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৬৪ ওভারে ১৩৮ (ক্যামপবেল ২৬, হোল্ডার ২৫; সাউদি ৪/৩৫, জ্যামিসন ২/২৫)। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৪২ ওভারে ১৯৬/৬ (ব্ল্যাকউড ৮০*, জোসেপ ৫৯* ওয়াগনার ২/৬২)