যশোর অফিস
যশোরের চৌগাছা সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার রাতে চৌগাছার সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার দুপুরে বিজিবি ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
৪৯ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তত্পরতার ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মো. নুর আলমের নেতৃত্বে চৌগাছা সীমান্ত মেইন পিলার ৩৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ-পূর্ব কোণে শাহজাদপুর মাঠে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।