চট্টগ্রামে ফেসবুক আইডি হ্যাকার দম্পতি গ্রেফতার

চট্টগ্রাম অফিস

ফেসবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জ থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরা হলো আসাদুজ্জামান পলাশ ও তার স্ত্রী সাদিয়া সরকার। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার হামিদুল আলম বলেন, চট্টগ্রামের এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি ও আদায়ের অভিযোগে হালিশহর থানায় মামলা করা হয়েছে। এরপর শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, পলাশই মূলত বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে টাকা নেওয়ার কাজটি করে। তাকে সহায়তা করে স্ত্রী সাদিয়া।