কলারোয়া হানাদারমুক্ত হয়েছিল এই দিনে

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

আজ ৬ ডিসেম্বর, ‘কলারোয়া মুক্ত’ দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে অবরুদ্ধ কলারোয়াকে হানাদারদের কবল থেকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে। মহান মুক্তিযুদ্ধে কলারোয়ায় ৩৪৩ জন বীর সন্তান অংশ নেন। শহিদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। এর মধ্যে কলারোয়ার বীর সন্তান রয়েছে ৯ জন। আর এ পর্যন্ত কলারোয়ার আটটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিনটি এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং কলারোয়ার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।