স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পুরুষাঙ্গ হারিয়েছে ইমরান হোসেন নামে এক কিশোর। বন্ধুরাই তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় ঐ কিশোরকে পুলিশ উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইমরান উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে।
আহত কিশোরের বরাত দিয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ঐ কিশোর। পরে সেখান থেকে তারা কয়েক জন বন্ধু পানাম নগরীতে ঘুরতে নিয়ে যায়। পরে তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার চোখ কাপড় দিয়ে বেঁধে তাকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঐ কিশোরের জ্ঞান ফিরলে সে পানাম নগর থেকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তা ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পড়ে থাকে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। আহত ছাত্র সুস্থ না হওয়া পর্যন্ত তার সঙ্গে আমরা কথা বলতে পারছি না। একমাত্র সেই বিষয়টি সঠিকভাবে বলতে পারবে। তবে ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।