বাংলাদেশ-ভারত সীমান্তের বিবিরবাজার এলাকায় দেশের প্রাচীন স্থলবন্দরটির অবস্থান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দু’দিক দিয়ে এই বন্দরে যাতায়াতের রাস্তা রয়েছে। গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়ে বন্দরে পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য বিকল্প আরেকটি সড়ক নির্মিত হয়। এতে করে মহাসড়কে যানজট বা অন্য কারণে যানচলাচল বন্ধ থাকলে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন স্থান দিয়ে আমতলী থেকে বন্দর পর্যন্ত সড়কটি ব্যবহার করে থাকে গাড়িগুলো। এই সড়কটির অরণ্যপুর ও গাজীপুর এলাকায় প্রায় এক কিলোমিটার অংশ কাঁচা। অসমাপ্ত থাকা এই সড়কটির বিভিন্ন স্থান যানবাহন চলাচলের অনুপযোগী। এদিকে নগরীর চকবাজার হয়ে বন্দরে যাতায়াতের অন্যতম প্রধান সড়কটির জগন্নাথ মন্দির এলাকায়ও খানাখন্দক সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত করছে। এ অবস্থায়, দ্রুত অসমাপ্ত সড়কটি পাকা এবং জগন্নাথ মন্দির এলাকার সড়কটির সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা