চট্টগ্রাম অফিস
নগরীর টেরি বাজার আফিনের গলির একটি ভবন থেকে মাধব দেবনাথ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মামাতো ভাই পিন্টু দেবনাথসহ ছয় জনকে আটক করা হয়েছে। নিহত মাধব দেবনাথ হাজারি গলির একটি স্বর্ণের দোকানের কারিগর।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, যে বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি পিন্টু দেবনাথের। পিন্টুর স্ত্রীর সঙ্গে মাধবের পরকীয়া ছিল বলে সন্দেহ করা হতো। এ নিয়ে মাধবকে বাসায় ডেকে এনে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি। মাধবকে তিন দিন আগে খুন করে লাশ বাসার খাটের নিচে রেখে দেওয়া হয়েছিল। লাশের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবের বড় ভাই উত্তম দেবনাথ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি।