পোশাকশ্রমিকদের সুরক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ

প্রথম ধাপে দুটি ওয়াটার বুথ স্থাপন

জেটিআই ফাউন্ডেশনের অর্থায়নে ‘ওয়াশ’ কার্যক্রমের অধীনে পরিচালিত একটি বিশেষ প্রকল্প ‘সুজলা’। প্রকল্পটি সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের বাস্তবায়নে প্রাথমিকভাবে পোশাক শ্রমিকদের আবাসস্থলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে। প্রথম পর্যায়ে প্রকল্পের নিজস্ব অর্থায়নে পাঁচ জন উদ্যোক্তার জন্য পাঁচটি ওয়াটার বুথ স্থাপন করে দেওয়া হচ্ছে। ৫ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত সিইপিজেড (চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন)-এ ফ্লোওয়াটার সল্যুশন্স লিমিটেডের প্রযুক্তি ব্যবহার করে ‘রেশমি ড্রিংকিং ওয়াটার’ নামে প্রথম ওয়াটার বুথটি স্থাপন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বুথটি উদ্বোধন করেন। এ সময় বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আতিক এবং বিকেএমইএ পরিচালক মির্জা আকবর আলী চৌধুরী উপস্থিত ছিলেন। একই মাসের ১৫ তারিখে ড্রিংকওয়েলের প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় ‘শুদ্ধ ড্রিংকিং ওয়াটার’ নামে দ্বিতীয় ওয়াটার বুথ স্থাপন করা হয়। বুথটি যৌথভাবে উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাবেল আলী, সেক্রেটারি মুস্তাফিজুর রহমান এবং বিজিএমইএ হেলথ সেন্টারের চেয়ারম্যান হানিফুর রহমান লোটাস। এই বুথটিতে এটিএম কার্ড সুবিধা রয়েছে। ওয়াটার বুথগুলো উদ্বোধনের সময় জেটিআই ফাউন্ডেশনের প্রকল্পের অনুদান দাতাদের পক্ষ থেকে জেটিআই বাংলাদেশের সদস্যবৃন্দ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি