আগ্রহ হারানোর শীর্ষে ইউনাইটেড পাওয়ার

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহ জুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিনিয়োগকারীদের অনাগ্রহে সপ্তাহ জুড়েই তাদের শেয়ার দাম কমেছে।

দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কম দামে বিক্রি করে দিয়েছে। ফলে সপ্তাহ জুড়ে ইউনাইটেড পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকার। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার টাকা। কোম্পানির শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে শেয়ারপ্রতি দাম কমেছে ৩৮ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৯০ পয়সায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩০২ টাকা ৩০ পয়সা। বিদ্যুত্ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহ জুড়ে তাদের দাম কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। এর পরেই রয়েছে প্রভাতী ইনসিওরেন্স। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা—এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯ দশমিক ৮৪ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ২৮ শতাংশ, এসিআই লিমিডেটের ৮ দশমিক ৯৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের ৮ দশমিক ৭৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ৮ দশমিক ৭৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৩ শতাংশ দাম কমেছে।