ফরিদপুরে সেফ হোম থেকে পালাল সাত কিশোরী

ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে সাত কিশোরী পালিয়ে গেছে। এর মধ্যে আসিয়া (১৪) নামে এক কিশোরীর সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ভোরে সাত কিশোরী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেফ হোমের তত্ত্বাবধায়ক রোমানা আক্তার। জানা যায়, গত শুক্রবার ভোরে ৫ নম্বর কক্ষের জানালার গ্রিল ভেঙে তারা পালিয়ে যায়। অন্য নিখোঁজরা হলো—সাথী আক্তার সোনালী, সুরমা, মেঘলা, তামান্না আক্তার, ময়না ও আলিশা আক্তার তারা। সেফ হোমের তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার জানান, ‘পালিয়ে যাওয়াদের উদ্ধারের চেষ্টা চলছে।’ ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান জানান, ‘এখানের সীমানাপ্রাচীর একদমই নিচু, যে কেউ ইচ্ছে করলে টপকাতে পারবে। আর দরজা-জানালার গ্রিল খুবই পাতলা হওয়ায় সহজে ভাঙা সম্ভব। তিনি আরো বলেন, এখানে হেফাজতিদের রাখা হলেও সমাজসেবার নিজস্ব কোনো রক্ষীবাহিনী নেই। আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দেখভাল করেন। এসব কারণেই এই কিশোরীরা সহজে পালাতে সক্ষম হয়েছে।Õ