নগরীর বাকলিয়া এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী জুয়েল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল মিয়ার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। গতকাল শনিবার তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বাকলিয়া থানার বগারবিল এলাকায় বসবাস করেন জুয়েল। আট মাস আগে জুয়েলের সঙ্গে বিয়ে হয় লিপা বেগমের। লিপা বাকলিয়া সৈয়দ শাহ রোডের লাল মিয়ার মেয়ে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য লিপাকে নির্যাতন করছিলেন স্বামী জুয়েল। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ নভেম্বর লিপা বাবার বাসায় চলে যান। গত শুক্রবার জুয়েল তার শ্বশুরের বাসায় গিয়ে যৌতুকের টাকার কথা বলেন। এ সময় লিপা টাকা দিতে পারবে না বলার পর জুয়েল তার পকেট থেকে ছুরি বের করে লিপার গলায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। মাটিতে লুটিয়ে পড়লে লিপা মারা গেছে ভেবে জুয়েল পালিয়ে যান। লিপার চিত্কার শুনে প্রতিবেশীরা ‘৯৯৯’ নম্বরে ফোন করলে পুলিশ এসে লিপাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। লিপা বর্তমানে চিকিত্সাধীন। এই ঘটনায় লিপার বাবা লাল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।