আলোকনির্ভর প্রথম কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের দাবি চীনা বিজ্ঞানীর

চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো আলোকনির্ভর কোয়ান্টাম কম্পিউটার তৈরির দাবি করেছেন। বিশেষ এই কোয়ান্টাম কম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জিউঝ্যাঙ’। এটি কম্পিউটার ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী এক আবিষ্কার বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ‘সাইন্স’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না ডেইলি’। খবর হিন্দুস্তান টাইমসের।

এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও ১ হাজার কোটি গুণ দ্রুততার সঙ্গে গণনা করতে পারে বলে তারা দাবি করেন।            তুলনামূলক ছোট আকৃতির এই কোয়ান্টাম কম্পিউটার অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে। ফলে পদার্থবিদ্যা, মহাকাশ গবেষণা, রসায়নসহ বিজ্ঞানের সব খাতে আসবে উল্লেখযোগ্য অগ্রগতি। চীনা গবেষকরা পরীক্ষামূলক যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির দাবি করছেন সেটি ‘গাওসিয়ান বোসন’ সূত্র অনুসারে ৭৬ ফোটন উপাত্ত বিশ্লেষণ করতে পারে। বর্তমানে কোনো সুপার কম্পিউটারই এতটা শক্তিশালী নয়।

এর আগে গত বছর গুগল দাবি করে, তারা এমন একটি কম্পিউটার তৈরি করেছে যা ২০০ সেকেন্ডে এমন জটিল গণনা করতে পারে, যা করতে সর্বাধুনিক সুপার কম্পিউটারের ১০ হাজার বছর সময় লাগবে। চীনা গবেষকদের দাবি, তাদের তৈরি যন্ত্রটি গুগলের পরীক্ষামূলক কম্পিউটারের চেয়ে ১ হাজার কোটি গুণ বেশি দ্রুত কাজ করতে সক্ষম।