গত আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের কোভিড-১৯ টিকা সর্বসাধারণের জন্য ব্যবহারের অনুমতি দেয়। সেই টিকা প্রয়োগ প্রথমে মস্কো থেকে শুরু হয়েছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন প্রথমে তাদের টিকা দেওয়া হচ্ছে। স্পুিনক-ভির আবিষ্কাকরদের দাবি, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যদিও বৃহত্ আকারে এই টিকার পরীক্ষা এখনো চলছে।
রাশিয়ার হাজারো মানুষ এরই মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। কিন্তু রাশিয়া টিকার কী পরিমাণ ডোজ উত্পাদন করতে পেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। টিকা উত্পাদকরা এর আগে বলেছিলেন, এ বছরের শেষ নাগাদ তারা ৪০ লাখ ডোজ টিকা উত্পাদন করতে সক্ষম হবেন বলে আশা করছেন। কয়েকদিন আগে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন কোভিড-১৯ টিকা প্রদান প্রকল্প শুরুর ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, প্রথমে স্কুল, স্বাস্থ্য সেবাকর্মী ও সমাজকর্মীদের টিকা দেওয়া হবে। মস্কোর ৭০টি জায়গায় কোভিড-১৯-এর টিকা দেওয়া হচ্ছে। যাদের বয়স ১৮-৬০ বছরের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইনে বিনা খরচে নাম নিবন্ধন করতে পারবেন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু আছে। -বিবিসি