বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পুাদক এস এ মান্নান কচি। আজ রবিবার বিকাল ৩টায় মহানগর উত্তরের আওতাধীন ৬৫টি সাংগঠনিক ওয়ার্ডে একযোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মৌলবাদীদের এই হামলার প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক             মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রাতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে কেন্দ্রীয় যুবলীগের বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর, কলাবাগান হয়ে আবার ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন প্রমুখ। আজ সারা দেশে দিনভর রাজপথে অবস্থান এবং বিকাল ৩টায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে যুবলীগ।

এছাড়া সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে কৃষক লীগ। মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সমাপনী বক্তব্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের অপশক্তিরা যেভাবে পরাজিত হয়েছিল বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারী মৌলবাদীরাও একইভাবে পরাজিত হবে।’ এদিকে আজ রবিবার বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মহিলা লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।