মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্যে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শুক্রবার গভীর রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে  বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদের আন্তরিক বিদায় জানান। বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের আরো একটি ফরমড পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়ানের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।