সিরাজগঞ্জ তাড়াশে ওয়াশিন-কাস্তা গ্রামীণ রাস্তার পিচ করা ১ হাজার ৭৯০ মিটারের মধ্যে দু’পাশেই সবুজ ঘাস গজিয়েছে। পিচ করা রাস্তা ভেদ করে এসব ঘাস জন্ম নিয়েছে। শুধু তাই নয়, হাত দিয়েই পিচ ঢালাই উঠানো যাচ্ছে। দায়সারাভাবে করা হয়েছে কাজ। শনিবার দুপুর বেলা সরেজমিন গিয়ে এমনটিই দেখা গিয়েছে।
অতি নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহার করে রাস্তাটি পুনঃসংস্কার করায় মাস না যেতেই এমন বেহাল দশা, অভিযোগ স্থানীয়দের।
কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন, শফিকুল ইসলাম শফি ও ফিরোজা বেগম বলেন, রাস্তায় রাবিশের খোয়া ও পুরানো ময়লাযুক্ত বালু দেওয়া হয়েছে। পিচ ঢালাইয়ের পূর্বে বিটুমিন না দিয়ে শুধুমাত্র কেরোসিন ছিটিয়ে দেন। কার্পেটিংয়ের সময়ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিটুমিন ছিটানো হয়। পাশের খাল থেকে কাদামাটি তুলে কোনরকমে দু’পাশে লাগিয়েছেন। বারবার বাঁধা দেওয়ার পরও ঠিকাদার তড়িঘড়ি করে যেনতেনভাবে নির্মাণ কাজ শেষ করে চলে গেছেন।
অভিযোগকারীরা আরো বলেন, হাত দিয়ে টান দিলেই পিচ ঢালাই নষ্ট হয়ে যাচ্ছে। কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুইছাত্র ওয়াশিন ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে টেনে অনেকখানি তুলে ফেলেছে।
আরো পড়ুন: মসজিদে ঢুকে সাংবাদিকের ওপর হামলা
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া দৈনিক ইত্তেফাককে বলেন, ওয়াশিন-কাস্তা গ্রামীণ রাস্তায় পিচ ঢালাই করার আগে স্থানীয়রা ধান কেটে রাস্তায় তোলেন। এ কারণে বীজ থেকে ধান গজিয়েছে। সর্বোপরি নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
অনুরূপ মতামত দিয়েছেন, ঠিকাদার শ্যামল কুমার।
ইত্তেফাক/এএএম