বিশ্বের বৃহত্তম আইসবার্গের ছবি ধরা পড়ল ক্যামেরায়

ক্যামেরায় এবার ধরা পড়ল বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গের ছবি। ব্রিটিশ বিমানবাহিনীর ক্যামেরায় এটি ধরা পড়েছে। দক্ষিণ আটলান্টিকে এই ছবিটি তোলা হয়েছে একটি এ ৪০০ এম উড়োজাহাজ থেকে। ছবিতে বরফখণ্ডটিতে বহু ফাটল দেখা গেছে। এটির নাম এ৬৮এ। এর গা থেকে খসে পড়ছে ছোট ছোট টুকরো। এর আয়তন ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার।

সাউথ জর্জিয়ার ২০০ কিলোমিটার দূর দিয়ে ভেসে যাচ্ছে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া এই বরফের টুকরা। ধারণা করা হচ্ছে উপকূলের অগভীর পানিতে এটি আটকা পড়তে পারে। এটির ব্যাপারে জানতে ব্রিটিশ বিমানবাহিনী তাদের এই ফ্লাইটটিকে প্রেরণ করে। এই ফ্লাইটটির অফিসার কমান্ডিং স্কোয়াড্রন লিডার মাইকেল উইলকিনসন বলেন, স্যাটেলাইট ট্র্যাকিং করে আমরা খারাপ আবহাওয়ার মধ্যেই আইসবার্গের কাছে গেছি। এটা বিরাট একটি ব্যাপার ছিল। আইসবার্গের দিকে বিমানে করে যাওয়া খুব কঠিন ব্যাপার। এর আগেই স্যাটেলাইট ছবি থেকে জানা গিয়েছিল, আইসবার্গের কিনারাগুলো দ্রুতই ক্ষয় হচ্ছে। এ কারণে দ্রুতই এটি সম্পর্কে জানার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।  বিবিসি

ইত্তেফাক/এমএএম