বাইডেনের শপথ ঠেকাতে নতুন মামলা ট্রাম্প টিমের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তবে করোনা মহামারির কারণে তার অভিষেক অনুষ্ঠানে জনসমাগম বেশি হবে না। অনুষ্ঠানের বড় একটি অংশ হবে ভার্চুয়ালি। তবে তার শপথ আটকে দিতে নতুন মামলা করেছে ট্রাম্পের প্রচারণা টিম। এদিকে গত ৩ নভেম্বরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৭০ লাখের বেশি ভোট পেয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর করোনা ভাইরাসের (কোভিড-১৯) কোনো টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদিত ও সহজলভ্য হলেও তা সবাইকে নিতে বাধ্য করা হবে না। খবর সিএনএন ও বিবিসির।

জর্জিয়ায় নতুন মামলা ট্রাম্প টিমের :এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। বরং বাইডেনের জয় বদলে দিতে তার টিম পাঁচটি সুইং স্টেটে দুই ডজনের বেশি মামলা করেছে ট্রাম্প টিম। কিন্তু বেশির ভাগ মামলা খারিজ হয়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার জর্জিয়ায় নতুন করে আরো একটি মামলা করা হয়েছে। আদালতের কাছে প্রেসিডেন্ট নির্বাচনের ফল অকার্যকর ঘোষণার জন্য আর্জি জানানো হয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প টিম জানিয়েছে, নতুন মামলায় জর্জিয়ার বাসিন্দাদের জালিয়াতির অভিযোগ নিয়ে দেওয়া হলফনামা যুক্ত করা হয়েছে। এদিকে উইসকনসিনের সুপ্রিম কোর্ট ট্রাম্প টিমের এক মামলা খারিজ করে দিয়েছে। এর মাধ্যমে রাজ্যের ইলেকটরদের নির্বাচনের রাস্তা খুলেছে।

জয়ের ব্যবধান ৭০ লাখ ছাড়িয়েছে:৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের চেয়ে ৭০ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন জো বাইডেন। এই সংখ্যা আরো বাড়তে পারে কারণ কিছু রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ৮ কোটি ১২ লাখ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৪০ লাখ ভোট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হারলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন জিতেছেন ৩০৬টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি।