'জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন'

আগামী জানুয়ারি থেকেই ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হতে পারে। এমনটিই জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজেপির প্রবীণ এই নেতা বলেন, কেন্দ্র এবং জাফরান পার্টি পশ্চিমবঙ্গের বিশাল শরণার্থী জনগোষ্ঠীকে নাগরিকত্ব দিতে আগ্রহী। যার কারণে আগামী বছরের জানুয়ারি থেকে সিএএ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সিএএ-র অধীনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে। এ বিষয়ে আমরা আশাবাদী। প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে আগত নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়েই সিএএ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

ইত্তাফাক/টিআর