কুষ্টিয়া শহরে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে ফুটেজে দুজনকে দেখা গেছে। এ দুজনের পরনে জুব্বা, পায়জামা ও মাথায় টুপি ছিলো।
পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে তারা হামলাকারীদের শনাক্ত করেছে।
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যটির কাছেই একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় ঘটনাটি।
তাতে দেখা যাচ্ছে, চারপাশে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে ভাস্কর্য ঘিরে রাখা হয়েছে। সেখানে একটি মই বেয়ে দুজনকে উঠতে দেখা যাচ্ছে।
দুজনের পরনে জুব্বা ও পায়জামা ছিলো। শরীরের ওপরে কালো কোটের মতো কিছু একটা পরে আছেন তারা। মাথায় সাদা টুপি। এসময় তারা ভাস্কর্য ভাঙচুর করে। ভাঙচুর শেষে নিরাপদে চলে যায়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘তারা (আটকরা) ইবনে মাসউদ মাদরাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম নাহিদ। বয়স এদের বেশি না। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরো দুই ছাত্রকে আটক করা হয়েছে। তাদের নাম আলামিন ও ইউসুফ।’
ইত্তেফাক/জেডএইচ