ক্যাচ মিসের মাশুল দিল চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

মুক্তার আলীর বলটা ব্যাটেই লাগাতে পারেননি রাকিবুল হাসান। জয় নিশ্চিত হতেই দিগন্ত জোড়া হাসি মুশফিকুর রহিমের। আনন্দে বলটা লাথি মারলেন তিনি। বেক্সিমকো ঢাকার ডাগআউটও তখন উদ্বেলিত। মুষ্ঠিবদ্ধ হাত শূন্যে ছুড়লেন হেড কোচ খালেদ মাহমুদ সুজনসহ অন্যরা।

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী দুই দল। তাদের আগের সাক্ষাতে ৮৮ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হেরেছিল ঢাকা। গতকাল সেই হারের শোধ নিতে পেরে যারপরনাই খুশি মুশফিক বাহিনী। দুই শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার তেজও টের পাওয়া গেল। গতকাল মিরপুর স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ রানে পরাজিত করেছে ঢাকা। পাঁচ ম্যাচে চট্টগ্রামের এটি প্রথম হার, ছয় ম্যাচে ঢাকার এটি তৃতীয় জয়। 

টানা চার জয়ে উড়ছিল চট্টগ্রাম। ঢাকায় এসে তাদের জয়ের ট্রেন থেমেছে মূলত ক্যাচ মিসের কারণে। ২৩ রানে নেই ৩ উইকেট, টসে হেরে ব্যাট করা ঢাকা তখন কাঁপছিল। রাকিবুলের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সাব্বির আউট হন। শেষ বলে মুশফিকের তোলা সহজ ক্যাচ স্লিপে ফেলে দেন সৌম্য। ২ রানে জীবন পাওয়া ঢাকার অধিনায়ক খেলেন ৫০ বলে অপরাজিত ৭৩ রানের (৭ চার, ৩ ছয়) ইনিংস। ইয়াসির আলীর সঙ্গে ৪র্থ উইকেটে গড়েন ৮৬ রানের জুটি। তাতেই ৪ উইকেটে ১৪৫ রানের পুঁজি গড়ে ঢাকা। ইয়াসির আলী ৩৪ রান করেন।

রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়লেও চট্টগ্রাম ৯ উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি। ইনিংসের তৃতীয় বলে সৌম্যকে (০) হারায় দলটি। পরে লিটনরা হাল ধরলেও তা চট্টগ্রামের জয়ের জন্য যথেষ্ট হয়নি। লিটন ৪৭, মাহমুদুল হাসান জয় ২৬, মিঠুন ২১ রান করেন। ঢাকার মুক্তার আলী ৩টি, রুবেল-রবি ২টি করে উইকেট নেন। মুশফিক ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা : ২০ ওভারে ১৪৫/৪। চট্টগ্রাম : ২০ ওভারে ১৩৮/৯

ফল : ঢাকা ৭ রানে জয়ী। ম্যাচ সেরা : মুশফিকুর রহিম (ঢাকা)