স্পোর্টস ডেস্ক
রিয়েল ভায়াদোলিদের বিপক্ষে জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখে লা লিগার শীর্ষ স্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওদিকে নবাগত কাদিজের বিপক্ষে ১-২ গোলে হেরেছে লিওনেল মেসির বার্সেলোনা। গোলরক্ষক ইয়েসিন বনুর আত্মঘাতী গোলে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ।
১০ ম্যাচে ৮ জয়, আটটি ক্লিনশিট; লিগে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল অ্যাটলেটিকো। অন্য দুই স্প্যানিশ পরাশক্তি যখন হিমশিম খাচ্ছে তখন শিরোপার দৌড়ে তখন তরতরিয়ে এগিয়ে যাচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। ওয়ান্দা মেট্রোপালিতানোতে গতকাল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় দিয়ে এই মৌসুমে প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে জোয়াও ফেলিক্সরা। এই ম্যাচে দীর্ঘ ২০ মাস পর গোল পেয়েছেন দলে একরকম নির্বাসিত হয়ে যাওয়া টমাস লেমার।
অন্যদিকে লিগে বার্সার দুর্দশা যেন থামছেই না। ১৫ বছর পর লা লিগায় ফেরত আসা কাদিজের বিপক্ষে ১-২ গোলের পরাজয়ের ফলে লিগ টেবিলের সপ্তম স্থানে নেমে এসেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। লিগের দশম ম্যাচে চতুর্থবার হারের বিস্বাদ নেওয়া মেসিদের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান এখন ১২। বার্সার ভরাডুবির রাতে ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ।