করোনা পরবর্তী অর্থনীতি বিষয়ে এসএমই ফাউন্ডেশন-ইআরএফের কর্মশালা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিলের পরামর্শ

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯-এর ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোকে আরো মনযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত ৮ বছরে এসএমই খাতের ঋণ বিতরণের পরিমাণ প্রায় তিনগুণ বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে চাহিদাও। তাই অর্থনীতিতে চার ভাগের এক ভাগ অবদান রাখা এসএমই খাতকে টিকিয়ে রাখতে হবে অর্থনীতিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই। গতকাল এসএমই ফাউন্ডেশন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এসএমই উদ্যোক্তাদের করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনৈতিক প্রতিবেদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান। অনলাইনে যোগ দিয়ে কর্মশালার বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, কোভিড-১৯-এর ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করা প্রয়োজন। তাদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময়সীমা আরো বাড়ানোর পাশাপাশি তা পরিশোধেও তাদের অন্তত ২ বছর সময় দেওয়া প্রয়োজন। এছাড়া করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, বিভিন্ন হারে কর আরোপের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনতে যে পরিমাণ অর্থ খরচ হয়, তার চেয়ে কম খরচে সেই পণ্য আমদানি করা যায়, তাই বড় শিল্পগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনতে চায় না। এদিকে, সরকারের নজর দেওয়া প্রয়োজন।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির প্রায় সব খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই এসএমই খাত যে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তা শুধু বললেই হবে না, বরং এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণে কাজে লাগানো উচিত।

ইআরএফ সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় আরো বক্তব্য এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। অনলাইনে যুক্ত হয়েছিলেন ইআরএফ প্রেসিডেন্ট শারমীন রিনভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরএফ ভাইস-প্রেসিডেন্ট মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য আয়োজিত দিনব্যাপী কর্মশালায় দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান এবং উন্নয়নে গণমাধ্যমে করণীয় বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।