নির্দেশনা না মানায় মতিন স্পিনিংয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি করেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের মতিন স্পিনিং। প্রতিবেদন তৈরিতে বেশকিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার বাদ পড়েছে বলে স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণে ধরা পড়েছে। এজন্য ঐ কোম্পানির কাছে এসব বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মতিন স্পিনিং ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির রিজার্ভের পরিমাণ ২২ কোটি ৮৭ লাখ টাকা।  কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২ দশমিক ৭২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫৫ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৯০ শতাংশ শেয়ার আছে।