আমদানি নীতি পরিবর্তনের দাবি বিআরএমইএর

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য

ইত্তেফাক রিপোর্ট

দেশীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উত্পাদন শিল্পের স্বার্থ রক্ষায় আমদানি নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিআরএমইএ)। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশে বিদ্যমান নানান বাধা দূরীকরণে এএসআরও জারির আবেদন জানিয়েছে সংগঠনটি। যৌক্তিক এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ব্যাবসায়িক সংগঠনের নেতারা। বিআরএমইএর চিঠিতে উল্লেখ করা হয়, দেশীয় উত্পাদনকারীদের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদ বাধ্যতামূলক। বিদেশে কোনো পণ্য রপ্তানি করতে গেলে সংশ্লিষ্ট দেশের মান নিয়ন্ত্রণ সনদ নেওয়াও বাধ্যতামূলক। রয়েছে বিপুল শুল্ক বাধা। অথচ বিদেশ থেকে পণ্য আমদানিতে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদের বালাই নেই। যে যেভাবে পারছে আমদানি করছে। পাশাপাশি অনেক ক্ষেত্রেই আমদানিতে নামমাত্র শুল্ক থাকায় নিম্নমানের পণ্যে দেশ সয়লাব হচ্ছে। এতে বিপুল অর্থের অপচয় ও পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই আমদানি পর্যায়ে বিদেশি ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সনদ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বিআরএমইএ।