ইত্তেফাক রিপোর্ট
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিয়ে আউটসোর্সিং করে বাছাই কাজ করা যাবে না বলে অর্থবিভাগ নির্দেশ জারি করেছে। নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্সিং কাজে কোনো অর্থ বরাদ্দ বা প্রস্তাবও পাঠানো যাবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি জারি করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ দপ্তর/সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের নিমিত্ত পাবলিক/বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে যাছাই কর্যক্রম পরিচালনা করা যাবে না। পাবলিক/বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়/বিভাগ বা অধীনস্থ দপ্তর/সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না। অর্থবিভাগ উল্লেখ করেছে, নতুন সিদ্ধান্তের কারণে এসব গ্রেডে আউটসোর্সিং করে নিয়োগের যে প্রজ্ঞাপন ২০১৯ সালের অক্টোবর মাসে জারি করা হয়েছিল তা বাতিল বলে গণ্য হবে।