সান্তাহার, নকলা ও কমলগঞ্জ পৌরসভা নির্বাচন
ইত্তেফাক ডেস্ক
বগুড়ার আদমদীঘির সান্তাহার, শেরপুরের নকলা ও মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত রয়েছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
আদমদীঘি (বগুড়া) :আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১০ জন সম্ভাব্য প্রার্থী বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও পহেলা নভেম্বর তা সংগ্রহ করেছে দলটি। এছাড়া আওয়ামী লীগের মনোনয়নের আশায় উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন অনেকে। এবার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—সান্তাহার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনছার আলী, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এস এম জাহিদুর বারী, আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা। উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় সান্তাহার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নকলা (শেরপুর) :তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে পারে নকলা পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ থেকে মেয়র পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে ৯ প্রার্থীর তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। অপর দিকে বিএনপির দুই জন ও স্বতন্ত্র এক জন প্রার্থী প্রচারণায় মাঠে নেমেছেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) :আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়রসহ তিন জন প্রার্থী জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন—মো. জুয়েল আহমদ, আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন। বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন আবুল হোসেন। কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২১ সনের ১৬ জানুয়ারি।