হিজলায় সংঘর্ষে আহত ১০

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালের হিজলায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন ও শ্রমিক লীগ নেতা মনির হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ডের বঙ্গবন্ধু ভাস্কর্য এলাকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার এবং উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালী বলেন, ‘নির্ধারিত সময়ে আমরা ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করেছিলাম। কিন্তু অপর পক্ষ নির্ধারিত সময়ের আগে এসে আমাদের ওপর হামলা চালায়।’ হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, ‘আমাদের মিছিলটি বঙ্গবন্ধুর ভাস্কর্য এলাকা অতিক্রমকালে চেয়ারম্যানের অনুসারীরা মিছিলের পেছনের দিকে হামলা চালায়।’ হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।