ফেনী প্রতিনিধি
ফেনীর বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলায় আসামি মো. আবু ইউসুফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি হাফেজ আহম্মদ জানান, বাবলু হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামি মো. আবু ইউসুফ ইউনুছকে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৪ সালের ১৩ নভেম্বর ফকিরহাট বাজারে বাবলুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তার বড় ভাই আমির হোসেন রিপন বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।