গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। শনিবার সন্ধ্যায় গুরুতর আহত গৃহবধূ পারুল আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এর আগে সকালে উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পারুল ঐ গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।
জানা যায়, আব্দুল আজিজ ও তার চাচাতো ভাই আব্দুল মোতালেবের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আজিজের স্ত্রী পারুল আক্তার ফেরাতে এলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেবসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন খান।