আহসান হাবীব লিংকন জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আহসান হাবীব লিংকনকে। গতকাল রবিবার পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে তার খিলগাঁওয়ের বাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে লিংকনকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা হয়।

সভায় মোস্তফা জামাল হায়দার বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে সভা-সমাবেশে বিধি-নিষেধ আরোপ করে সরকার মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ দুর্নীতিগ্রস্ত। নেই কোনো বাক্স্বাধীনতা। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিসহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। পার্টির যুগ্ম-মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন—আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট সফিউদ্দিন ভুঁইয়া ও আলহাজ সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম-মহাসচিব কাজী মো. নজরুল প্রমুখ।