ধামরাই (ঢাকা) সংবাদদাতা
বন্যার কারণে শীতকালীন সবজি চাষে বিলম্ব ঘটলেও ইতিমধ্যে শীতের সবজি বাজারে এসেছে। সারা বছর টমেটো দেখা গেলেও শীতকালীন টমেটোর স্বাদ আলাদা। কিছু দিনের মধ্যেই শীতকালীন টমেটোসহ অন্যান্য সবজিতে স্থানীয় বাজারগুলো ভরে যাবে-বললেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি আরো জানান, উপজেলায় এবার প্রায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এদিকে নিরাপদ সবজি উত্পাদনকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় তাদের ২ সহস্রাধিক উদ্যোক্তা চাষি নিরাপদ সবজি চাষ করছেন। অন্যদিকে উপজেলার ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক লাগোয়া চেয়ারম্যানের সবজির আড়ত্ গড়ে উঠায় দূরদূরান্ত থেকে পাইকাররা আসেন।