টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শীতজনিত রোগ দেখা দিয়েছে। চলতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া, জ্বর, সর্দি ও ডায়রিয়া আক্রান্ত শতাধিক লোক চিকিত্সা নিয়েছে। কিন্তু শিশুচিকিত্সক না থাকায় বিড়ম্বনায় পড়ে চিকিত্সা নিতে আসা শিশুপরিবার। রবিবার সরেজমিনে দেখা যায়—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর হেল্প ডেস্কের সামনে শিশু কোলে দাঁড়িয়ে আছেন চিকিত্সা নিতে আসা শত শত নারী। এর মধ্যে এক নারী সাহানুর জানান তিন বছরের শিশু সোহান জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে ভুগছে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নেওয়ার জন্য এসেছি। এসে দেখি শিশুচিকিত্সক নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তাসলিমা ইসলাম জানান—বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবেন।