রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গতকাল রবিবার সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার ব্যবসায়ী রমজান মোল্লাকে (৪২) পিটিয়ে জখম করেছে। রূপগঞ্জ থানায় ব্যবসায়ী রমজান মোল্লার দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, আমলাবো মৌজাস্থিত ১৫ শতাংশ জমি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ঐ জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী রমজান মোল্লার ওপর হামলা চালায়। তার চিত্কারে আশপাশের লোক ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রমজান মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।