গোল্ডেন মনিরের ‘জমজম টাওয়ারকে’ ২১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি

নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় রাজধানীর উত্তরায় গোল্ডেন মনিরের ‘জমজম টাওয়ার’কে ২১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ জরিমানা করেন। এর আগে দুপুর ১২টার পর বহুতল এ বাণিজ্যিক ভবনটির নকশাবহির্ভূত অংশ ভাঙার কাজ শুরু করে রাজউক।

জানা গেছে, ভবনটির মালিক মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম।  জমজম টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা- সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হয়। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় গত ২০ নভেম্বর রাতে অভিযানে যায় র্যাব। রাতভর অভিযান চালানোর পর বিপুল অর্থ, অস্ত্র ও বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়।