বিশেষ প্রতিনিধি
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার ‘রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০’ পালনের অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, রেলওয়ের মূল উন্নয়ন ২০১১ সালে শুরু হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতের উন্নয়নে আন্তরিক হওয়ায় এখন নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এ সময় একতা ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী। পরে সাংবাদিকদের রেলপথমন্ত্রী বলেন, সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।
রেলের শিডিউল বিপর্যয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ডাবল লাইন না হওয়া পর্যন্ত শিডিউল বিপর্যয় রোধ সম্ভব নয়।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে রেলওয়ের গৃহীত কার্যক্রম তুলে ধরে তিনি আরো বলেন, ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতির জনকের জন্মশতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদ্যাপন করছে বাংলাদেশ রেলওয়ে। এ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।