ফাইজারের টিকা নেবেন রানি ও তার স্বামী

যুক্তরাজ্যে অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। দেশের জনগণকে টিকা নিতে উত্সাহিত করতে তারা টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৯৪ বছর বয়সি রানি ও তার স্বামী ৯৯ বছর বয়সি প্রিন্স ফিলিপ কর্মসূচির শুরুর দিকেই টিকা পাচ্ছেন।

বয়স্কদের আগে টিকা দেওয়ার সরকারি পরিকল্পনা অনুযায়ীই অগ্রাধিকার পাচ্ছেন তারা। ব্রিটিশ সমাজে রানি খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। যুক্তরাজ্যে ৬০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেছে এবং শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি মানুষ। কোভিড-১৯ থেকে রেহাই পায়নি রাজপরিবারও। প্রিন্স চার্লস এবং তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এ বছরের শুরুর দিকেই কোভিড আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্য গত ২ ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের লোকজনকে টিকা নিয়ে উত্সাহ দেওয়ার জন্য রাজপরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের টিকা দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করতে পারেন। এতে টিকাবিরোধীদের মধ্যে উত্সাহ তৈরি হতে পারে এবং তারা আস্থা পেতে পারেন। টিকা কারা পাবেন, তা বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনা করে নির্ধারণ করবেন স্বাস্থ্য কর্মকর্তারা। বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও তাদের দায়িত্বে থাকা কর্মীরা সবার আগে টিকা পাবেন। এর পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সি মানুষ এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। যুক্তরাজ্য ৪ কোটি ডোজ টিকার আগাম চাহিদাপত্র দিয়েছে। এর মধ্যে ৮ লাখ ডোজ আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হচ্ছে।