মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এবং ভানুগাছ স্টেশনে জয়ন্তিকাসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের কাছে পৌঁছলে এর ইঞ্জিন ও তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্যাংকারগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। এতে কেউ হতাহত হয়নি।

শাহজীবাজার রেল স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন জানান, ইঞ্জিন ও তিনটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার তত্পরতা শুরু হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে ঢাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন টিম তদন্ত করতে আসছেন।