চিনিকল বন্ধের প্রতিবাদে রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে এবং বাজারে রবিবার দিনভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেছে এলাকাবাসী এবং কর্মরত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা। ব্লাড ফর শ্যামপুর নামের একটি সংগঠনের ব্যানারে কয়েক হাজার শ্রমিক ও এলাকাবাসী শ্যামপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্যামপুর চিনিকলের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় এক শ্রমিক আগুনে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করে। অন্য শ্রমিকরা সেখান থেকে তাকে তুলে আনেন। চিনিকলটি আবারও চালুর জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।
এর আগে সকাল ১০টায় চিনিকলসংলগ্ন শ্যামপুর বাজারের প্রধান সড়কের এক পাশে দাঁড়িয়ে প্রায় দুই কিলোমিটার মানববন্ধনে অংশ নেয় তারা। বাজারের সব দোকান বন্ধ রেখে শ্রমিক, আখচাষি ও এলাকাবাসীর সঙ্গে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন দোকানিরাও। এসময় বক্তারা বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিনিকলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্যামপুর চিনিকলের ৮০০ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, ১২ হাজার আখচাষিসহ এবং পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত প্রায় ২ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা বলেন, মিল বন্ধ ঘোষণার প্রক্রিয়া বাতিল করা না হলে রাজপথ-রেলপথ বন্ধ করে দিয়ে আন্দোলন করবেন তারা।
ব্লাড ফর শ্যামপুরের সভাপতি সোহেল রানা জানান, চিনিকলটি এই অঞ্চলের একমাত্র ভারী শিল্প। এরসঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। যতদিন মিলটি বন্ধের ঘোষণা থেকে সরকার সরে আসবে না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।