বঙ্গবন্ধুরসহ সব ভাস্কর্য রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বঙ্গবন্ধুসহ দেশে স্থাপিত সব ভাস্কর্য রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, বঙ্গবন্ধু জাতির পিতা। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে, ভেঙে ফেলবে—এটা কোনোভাবেই ঠিক নয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুসহ রাষ্ট্রের যত ভাস্কর্য আছে, এটা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেন এগুলো রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়, তার নির্দেশনা চেয়েছি।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের কাছে স্ট্যাচু অব লিবার্টি। এটা আমাদের অস্তিত্ব। বাংলাদেশের অস্তিত্ব। বঙ্গবন্ধুর জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি। বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিসেবে যে মনুমেন্টগুলো আছে, এগুলো কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না।

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট ‘নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতা’ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মে রুল জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া জাতির পিতার ভাস্কর্য স্থাপন এবং ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে বিবাদী করা হয়।