ওসমানী মেডিক্যালের আরটি-পিসিআর মেশিন বিকল

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর মেশিন বিকল হয়ে পড়েছে। ফলে শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে নমুনা আসলে তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসার কথা। তারা এলে দ্রুত সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে।

এদিকে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিলেট বিভাগের একমাত্র নির্ধারিত ল্যাব ওসমানী মেডিক্যাল কলেজ। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘ওসমানীর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ থাকায় বিদেশগামীদের এখন ঢাকায় গিয়ে পরীক্ষা করাতে হবে।’

এদিকে সিলেটে করোনা আইসোলেশন সেন্টার শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবার ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের দেওয়া হচ্ছে অক্সিজেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ১০ হাজার লিটারের এ ট্যাংকটি স্থাপন করা হয়। গতকাল শুক্রবার এ ট্যাংক থেকে প্রয়োজনীয় রোগীদের অক্সিজেন সরবরাহ করা শুরু হয়েছে। হাসপাতালটির আবাসিক চিকিত্সা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য জানান।