সব আয়োজন শেষে বরের বাড়িতেই চুপিসারে হচ্ছিল বাল্যবিবাহ। সাজানো হয়েছিল বাসরঘরও। কিন্তু প্রশাসনের অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে দৌড়ে পালাল বর-কনে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঐ রাতে মামুদপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী দুধগাড়ী গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। ঘটনাটি জানতে পেরে ইউএনও সেখানে অভিযান চালান। এতে বিয়ে ভণ্ডুল হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, রাতের আঁধারে আয়োজন চলছিল বাল্যবিবাহের। খবর পেয়ে তিনি রাতেই বিয়েবাড়িতে অভিযান চালান। তার উপস্থিতি টের পেয়েই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় বর-কনে। এছাড়া বিয়েবাড়িতে উপস্থিত আত্মীয়স্বজনও পালিয়ে যায়। তিনি আরো বলেন, ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।