ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা আসামিপক্ষ সময় পেল ২২ ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারের আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করবে আসামিপক্ষ। এ বিষয়ে আদেশ দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করা হয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গতকাল রবিবার এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে বিচারকাজ মুলতুবির আবেদন করেন। আবেদনে বলা হয়, সাক্ষীদের জবানবন্দির পর জেরায় আইনজীবীদের প্রশ্ন হুবহু রেকর্ড হয়নি। রাষ্ট্রপক্ষের ৩৩ নম্বর সাক্ষী রকিবুল হাসানের সাক্ষ্য রিকল করে জবানবন্দি নেন। আসামিপক্ষকে রিকলের বিষয়ে জানানোর কথা থাকলেও তা না করেই বেআইনিভাবে পুনরায় সাক্ষ্য নেওয়া হয়। এতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা রয়েছে।

আদালত ঐ আবেদনের ওপর শুনানি গ্রহণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় দেন বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আবু আবদুল্লাহ ভূঞা।

প্রসঙ্গত, শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছরের ৬ অক্টোবর রাতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় করা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ২২ আসামি কারাগারে রয়েছে। বাকি তিন জন পলাতক। এই মামলায় রাষ্ট্রপক্ষে ৬০ সাক্ষীর ৪০ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।