কুষ্টিয়া শহরে পাঁচরাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক আইনজীবী। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আইনজীবী মো. হুমায়ুন কবির চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান, মাহফুজুর রহমান লিখন, নাসরিন সিদ্দিকা লিনা, মাসুদ আলম চৌধুরী, শেখ ওবায়দুর রহমান, সুবীর নন্দী দাস প্রমুখ।
ব্যারিস্টার সুমন বলেন, ‘যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু করেছে তাদের ওপর রাজাকার, আলবদর, আলশামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে। স্বাধীনতার স্বপক্ষের সরকারের বিরোধিতা করার জন্যই তারা এসব কথা বলছে। ইসলাম প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য নয়।’ তিনি বলেন, একাত্তর সালে তারা বলেছে, যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা মুসলমান থাকবে না। তারা সেসময় এ দেশকে আটকাতে পারেনি। এদের বংশধররাই বলে এটা মূর্তি, এটা প্রতিমা। এদের ফান্ড কোথা থেকে আসছে, তারা টাকা কোথা থেকে পাচ্ছে সে বিষয়টিও সরকার খতিয়ে দেখছে। আমি সরকারের কাছে দাবি জানাব, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের রাষ্ট্রদোহের মামলার অধীনে আনা যায় কি না, সে বিষয়টি বিবেচনা করতে দলের সিনিয়র আইনজীবীদের প্রতি অনুরোধ জানান ব্যারিস্টার সুমন।