এরশাদকে গায়ের জোরে স্বৈরাচার বলা হয় —জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবেই এরশাদ ক্ষমতা হস্থান্তর করেছেন। তাই কোনোভাবেই তাকে স্বৈরাচার বলা যাবে না। গায়ের জোরে তাকে স্বৈরাচার বলা হয়। ৬ ডিসেম্বর উপলক্ষ্যে গতকাল রবিবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, ৬ ডিসেম্বরকে কেউ ‘স্বৈরাচার পতন দিবস’ কেউ ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করলেও জাপা দিনটিকে পালন করে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে।

জি এম কাদের বলেন, এরশাদের সামনে ক্ষমতা হস্থান্তর না করার সুযোগ ছিল। কিন্তু গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংবিধান সমুন্নত রেখেই তিনি ক্ষমতা হস্থান্তর করেন। তার ক্ষমতা হস্থান্তরের পর থেকে দেশ উলটো পথে হেঁটেছে। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।